জাতীয়

অপ্রতীম হত্যায় গ্রেপ্তাররা জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতীম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর পাওয়া যায় এবং মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হলেও পরে আরও একজনকে আটক করা হয়। এ নিয়ে অপ্রতীম হত্যাকাণ্ডে মোট চারজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। মামলার অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বয়স নিয়েও যাচাই-বাছাই চলছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তাদের মধ্যে কয়েকজন কিশোর। আবার দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটকদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। অপ্রতীমের সঙ্গে তাদের পরিচয়, বন্ধুত্ব ও নিয়মিত চলাফেরা ছিল। তারা প্রায়ই একসঙ্গে আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতীমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।

তিনি আরও জানান, অপ্রতীমের মায়ের আইফোনটিও উদ্ধার করা হয়েছে। ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে পাওয়া গেছে। মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।” এর অংশ হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়েও কাজ চলছে।

সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশ দ্রুত তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে অপ্রতীমের ময়নাতদন্ত ও দাফন সম্পন্ন হয়েছে।

অপ্রতীম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আশাবাদ জানিয়ে তিনি বলেন, পুলিশ আইনানুগ প্রক্রিয়া শেষ করে দ্রুত চার্জশিট দেবে। এরপর বিচার বিভাগ মামলাটিকে গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও স্বল্প সময়ে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুবি #ইশায়াত শাহরিয়ার অপ্রতীম #সালাহউদ্দিন আহমদ