কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৯ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা সভাপতি সাইফুল ইসলাম মানিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মে) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়ন সংলগ্ন বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। আজ (২১ মে) দুপুরে করিমগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) মো. আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাল আত্মসাতের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করলে মুক্তি পান।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ভিজিএফের এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে একটি চক্র চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে গোপনে মজুদ করে রাখে বলে অভিযোগ ওঠে।
এ তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চাল পরে করিমগঞ্জ উপজেলা পরিষদ এতিমখানা হাফেজিয়া মাদরাসায় এতিম শিশুদের খাবারের জন্য হস্তান্তর করা হয়।
আই/এ