লালমনিরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে খুঁটি স্থাপনের সময় বিজিবির বাধায় দহগ্রাম সীমান্তে থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২২ মে) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০-এস এর কাছে এ ঘটনা ঘটে। বিজিবির রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় অবৈধভাবে খুঁটি স্থাপনের প্রচেষ্টা বিজিবি প্রতিহত করেছে। আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে বিএসএফ তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় শূন্যরেখা থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বাঁশের খুঁটি দিয়ে বেড়া নির্মাণের সময় বিজিবি বাঁধা দিয়েছে।
এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে আলোচনা হয়। আলোচনার পর বিএসএফ তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবারও দুপুরে ১৭৪ বিএসএফের সদস্যরা একই উপজেলার কলসীমুখী সীমান্ত এলাকায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালান। সে সময়ও বিজিবির বাধার মুখে তারা পিছু হটেন।
পি/ডি