টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোগারচর সড়াতৈল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রডবোঝাই একটি ট্রাক খাদে উল্টে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বলে নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী।
সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতরা সবাই রডবোঝাই ট্রাকে চড়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহতদের বাকি দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।
নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া কয়েকজন হলেন—সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), ইসমাইল হোসেন (১৯), নজরুল (৬০), মামুন (৪৫) ও সারিকুল (২৫)। এছাড়া আরও নয়জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন বাবু (৩৫), আব্দুল রহমান (৩৫), তুহিন, আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), খোরশেদ (২৬), সমেজ এবং নয়ন বিশ্বাস (৩২)সহ আরও কয়েকজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল জেলা পুলিশ, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ, এলেঙ্গা ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। পুলিশ সুপারের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে রেকার এনে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়।
যমুনা সেতু পূর্ব থানা পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে মরদেহগুলোর পরিচয় নিশ্চিতকরণ ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পিডি