দেশজুড়ে

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজও উত্তপ্ত গাজীপুরের দুই মহাসড়ক। রোববার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্র এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের কারণে এরই মধ্যে প্রায় ৬৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ ও বিজিবি। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন।

এদিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় দুপুর ১২টার দিকে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও কয়েকজন সাংবাদিককে মারধর ও তাদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আন্দোলনের কারণে বিপুলসংখ্যক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #বিজিবি