আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, ১৫ জন নিহত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সোমবার (৮জুন) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৭ থেকে ৭.৮-এর মধ্যে ছিল।  

শক্তিশালী কম্পনের ফলে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এবং এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত এবং আরও ১২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ভূমিকম্পের তীব্রতার কারণে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়।        

জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে সংস্থাটি এর মাত্রা ৮.২ বলে উল্লেখ করলেও পরে তা সংশোধন করা হয়। 

 সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থিত জেনারেল সান্তোস সিটি থেকে। জেনারেল সান্তোস সিটির মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগন জানান, ভূমিকম্পে একাধিক ভবন ধসে পড়েছে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় ক্ষতিগ্রস্ত ভবনের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

ভূমিকম্পের পর সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। ইতোমধ্যে সংস্থাটির উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ শুরু করেছে। 

 

সুত্র - বিবিসি ও রয়টার্স 

 

পি/ডি  

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিপাইন #ভূমিকম্প