ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে নিরাপত্তা মন্ত্রিসভার সীমিত পরিসরের বৈঠক ডেকেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (০৮ জুন) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইসরাইলের কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রী অংশ নেবেন। একজন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় বৈঠকটি সীমিত আকারে আয়োজন করা হয়েছে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরাইলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিসহ দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
অন্যদিকে ইসরাইলও ইরানের বিভিন্ন রাডার স্থাপনায় হামলার দাবি করেছে। এর জবাব হিসেবেই এই পাল্টা আঘাত চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।
এর আগে রোববার (০৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায়। ওই হামলার জবাবে ইরান উত্তর ইসরাইলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পরবর্তীতে সোমবার সকালে ইসরাইল তেহরান, ইসফাহানসহ ইরানের তিনটি শহরে পাল্টা বিমান হামলা চালায়। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা যায়।
এসি//