আন্তর্জাতিক

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপের বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে হামলার ঘটনাটি ঘটে। নিহত দুই শিক্ষার্থীর বয়স ১৪ বছর বলে জানিয়েছেন স্থানীয় মেয়র আলবার্ট পালেনসিয়া। আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মেয়র পালেনসিয়া জানান, হামলার আগে দুপুরের খাবারের সময় ওই কিশোর তার বন্ধুদের বাড়ি চলে যেতে বলেছিল। সে জানিয়েছিল, খাবারের পর একটি পরিকল্পনা বাস্তবায়ন করবে। তবে তাকে প্রায়ই ঠাট্টা-মশকরা করতে দেখা যেত বলে বন্ধুরা তার কথাকে গুরুত্ব দেয়নি।

পরে দুপুরের খাবারের পর ওই কিশোর শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। এরপর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে।

ঘটনার পর বাঙ্গা পৌর এলাকার সব ধরণের ক্লাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফিলিপাইন রেড ক্রস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে তারা হামলার খবর পায়। পরে চারজন প্যারামেডিকসহ একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়।

ফিলিপাইনের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার তথ্য যাচাই ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলেছে। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিপাইন #বন্দুক হামলা