রাজধানীর কালশী বস্তিতে লাগা এক ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তীব্র পানির সংকটে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের বেশ বেগ পেতে হচ্ছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লাগা আগুন দ্রুত চারপাশের বস্তিতে ছড়িয়ে পড়ছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ৫টি ইউনিট দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া, এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আর/আই