কিশোরগঞ্জ ‘অলওয়েদার সড়কে’ চালবোঝাই পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন প্রান্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অষ্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহীদুল হক।
নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে একই মোটরসাইকেলে চড়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনের দিকে যাচ্ছিলেন মনির হোসেন। পথে ভাতশালা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী চালবোঝাই পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
এএসপি মো. শহীদুল হক জানান, পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। স্থানীয়দের সহায়তায় ঘাতক পিকআপের চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আর/আই