রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৫ থেকে নিচে পড়ে গিয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৪ টায় শপিং মলের ক্রেতা-দর্শনার্থীর সম্মুখে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করেই শপিং মলের ওপরের তলা থেকে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। এরপরই দেখা যায়, নিচে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর, দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে সিসিটিভি ফুটেজ যাচাইসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত এবং তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এটি আসলে আত্মহত্যা, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ডের কোনো ঘটনা। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আর/আই