দেশজুড়ে

ছয় শিশুর মৃত্যুর রহস্য জানতে তদন্ত সহযোগিতা করছে বোম্ব ডিসপোজাল ইউনিট

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর রমনার মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ-এর বম্ব ডিসপোজাল ইউনিট। সেখানে কোনো ধরনের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ লক্ষ্যে বুধবার (২৭ মে) দুপুরের পর ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম আদ-দ্বীন হাসপাতালে গিয়েছে। 

ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের একজন গণমাধ্যমকে জানিয়েছেন, যেই কক্ষে নবজাতকেরা মারা গেছে, সেখানে উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন তারা। ওই কক্ষে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কিনা, ছড়ালে সেটি কী ধরনের গ্যাস এবং গ্যাসের পরিমাণ কেমন ছিল, তা তদন্ত করছেন তারা। 

বোম্ব ডিসপোজাল ইউনিটের আগে সকাল ১১টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুম পরিদর্শন করে। তারা সেখান থেকে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করে। 

এদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

আর/আই