রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে গত ২৭ মে ছয় নবজাতকের ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’কে কেন্দ্র করে চলমান তদন্ত ও পরিদর্শনের মধ্যে ৩০ মে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৭ মে হাসপাতালটিতে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর বিভিন্ন সরকারি সংস্থা তদন্ত ও পরিদর্শন কার্যক্রম শুরু করে।
শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালের কলেজ ভবনের আটতলায় একটি বেকারি কারখানা পাওয়া গেছে। ওই বেকারি থেকে নির্গত গ্যাস নবজাতকদের মৃত্যুর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন ও বেকারির সন্ধান পাওয়ার খবর পেয়ে সন্ধ্যার দিকে হাসপাতালটিতে যান গণমাধ্যমকর্মীরা।তবে মন্ত্রী চলে যাওয়ার পরপরই হাসপাতালের সব প্রবেশপথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ভেতরে প্রবেশের চেষ্টা করলে সাংবাদিকদের বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তাদের উপস্থিতির মধ্যেই হাসপাতালের নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তারা সাংবাদিকদের ধাওয়া দিয়ে হাসপাতাল এলাকা থেকে বের করে দেন এবং কয়েকজনকে মারধর করেন।
এ ঘটনায় টাইমস অব বাংলাদেশের প্রতিবেদক কাজী জাহিদ, দীপ্ত টিভির ক্যামেরাপারসনসহ অন্তত তিনজন আহত হন এবং বৈশাখী টিভির একটি ক্যামেরা ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
পরে শনিবার (৩০ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন হাসপাতাল জানায়, নবজাতকদের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র্যাবসহ বিভিন্ন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেছে এবং সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভিন্ন কর্তৃপক্ষের অব্যাহত পরিদর্শন এবং বিপুলসংখ্যক সাংবাদিকের উপস্থিতির কারণে হাসপাতালের সেবাদানকারী কর্মীরা কয়েকদিন ধরে মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন। এতে হাসপাতালে ভর্তি রোগী ও বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিদেরও অসুবিধার মুখে পড়তে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার স্বাস্থ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুলসংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রবেশ থেকে বিরত রাখার চেষ্টা করে।
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের একপর্যায়ে একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের 'ঝাড়ুদার' বলে সম্বোধন করেন। এতে কর্মীরা অপমানিত বোধ করেন এবং উত্তেজিত হয়ে সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান। সে সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করতে এবং কর্মীদের নিবৃত্ত করতে উদ্যোগও নেন বলে দাবি কর্তৃপক্ষের।
আদ্-দ্বীন হাসপাতাল জানায়, তারা সব সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে আসছে। তারপরও ৩০ মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছ, হাসপাতাল কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে গণমাধ্যমকর্মীদের মনে কোনো কষ্টের সৃষ্টি হয়ে থাকলে তারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।
এসি//