পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৮ মে) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে।
বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।
তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতের কোটি কোটি মুসলমান এ উৎসবটি আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করছে বলেও তিনি জানান।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন বার্তা বহন করে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি আরও জানান, বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন উন্নয়ন লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।
এসি//