দেশজুড়ে

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ৫

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও এক শিশুর মৃত্যু হলে নিহতের সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও ঘটনাস্থল ও প্রাথমিক হিসাব অনুযায়ী মোট পাঁচজন নিহতের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে বেদগ্রাম এলাকায় পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন নিহত হন এবং বাসের একাধিক যাত্রী গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নেয়ামুল গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাসের দুই যাত্রী পরে মারা যান। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #মোটরসাইকেল #নিহত