ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাধারন শিক্ষার্থীরা।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে তাকে এই অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
সন্ধ্যা সাড়ে ৬টার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও এই কর্মসূচীতে যোগ দেন।
কর্মসূচিতে তারা বলেন, নিজের আসন মোহাম্মদপুরে দিনদুপুরেও জনগণকে নিরাপত্তা দিতে পারেন না ববি হাজ্জাজ। তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেন। আমরা তাকে প্রতিমন্ত্রী নয়, প্রতিবন্ধী বলবো। আজ থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
সম্প্রতি এক পডকাস্টে, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান নিয়ে তীব্র সমালোচনা করে একে ‘কোচিং সেন্টার’ বা টিচিং ইউনিভার্সিটির সঙ্গে তুলনা করেছেন। তাঁর দাবি, ব্র্যাক ও নর্থ সাউথের চেয়ে ঢাবি অনেক কম গবেষণা করে এবং তাদের প্রকাশিত কিছু পেপারও সম্পূর্ণ ‘প্লেজারাইজড’ বা নকল। তবে সমালোচনার পাশাপাশি ঢাবিকে একটি প্রকৃত ও উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।