নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। নিহত তিন যুবক হলেন লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন আলী (১৮) এবং সদর উপজেলার ইসলাবাডি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. হীরা (১৮) ও সদর উপজেলার উত্তর আলাইপুরের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম।
সোমবার(১ জুন)সকালে উপজেলার বন্দর এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাটোর থেকে তিন মামাতো ফুপাতো ভাই একটি মোটরসাইকেলে সিংড়ার দিকে যাচ্ছিলো। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরার মৃত্যু হয়। এ সময় আহত হয় সাইফুল নামে অপরজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সাইফুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। রামেক হাসপাতালে পৌছনোর পর জরুরী বিভাগে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
পিডি