নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে কলেজ ছাত্র ফয়সাল হত্যার আসামীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে ২৪ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। পরে পুলিশ আসামীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা ছাড়েন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এ কর্মসূচী পালন করে এলাকাবাসী। এতে শহরের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল বুধবার রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে রাজন, রিয়াজ, রহমতুল্লাহ, মাসুম, জুয়েলসহ ৪৯ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ শাহজাহান মিয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে। গত ২জুন রাতে সদর উপজেলার বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে পিটিয়ে ফয়সাল মিয়া কে হত্যা করা হয়।
নিহত ফয়সাল মিয়া (১৮) সদর উপজেলার বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আবু আব্বাস কলেজের স্নাতক সম্মান শ্রেণীর শিক্ষার্থী।
বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে ওসি আল মামুন সরকার বলেন, পুলিশ তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ভাবে আসামিদের অবস্থান সনাক্ত করার কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে অন্য আসামীদের গ্রেপ্তার করা হবে।
আই/এ