দেশজুড়ে

কক্সবাজারে মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু, আহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগরে নির্মাণকাজের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লাকী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কয়েকজন শ্রমিক স্থানীয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একটি সেতুর নির্মাণকাজে মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ মাটিধস হলে তিন শ্রমিক চাপা পড়েন।

পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. রাকিব ও মো. ইলিয়াস নামে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত শাহজাহান নামে আরেক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহত তিন শ্রমিকই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার বাসিন্দা।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার