পতাকা বৈঠকে কোন সমাধান না হওয়ায় দুই দিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে শিশুসহ ১২ জন শূন্য রেখায় অবস্থান করছে।এর আগে তাদের পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টায় দৌলতপুরের বিলগাথুয়া ১৫০/৩ এস সাব পিলার সংলগ্ন এলাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক নুরুল হুদা ও বিএসএফের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাণীনগর ক্যাম্পের এসি সুনীল কুমার যাদব।
জানা গেছে , এ বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় ১৪৮/৩-এস সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে ৫০ গজ ভেতরে পুশইনের শিকার ১২ জন অত্যন্ত মানবেতর দিন কাটাচ্ছেন। এদের মধ্যে রয়েছে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ৪ শিশু রয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, এটা অবৈধ অনুপ্রবেশ। আমরা কোনোভাবে এটা সমর্থন করি না। আমাদের একটাই কথা, যারা অবৈধ অনুপ্রবেশ করেছে তাদের বিএসএফকে দেশে ফিরিয়ে নিতে হবে।
এর আগে ১২ জুন ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত দিয়ে এই ১২ জনকে পুশইন করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদেরকে পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠায়। তখন থেকেই সীমান্তের শূন্যরেখায় এরা অবস্থান করছেন।
আই/এ