কক্সবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন যুবদল নেতা রয়েছেন। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে শহরের ভোলাবাবুর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মশিউর রহমান ইয়াবা উদ্ধার ও তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ফরিদ আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার সঙ্গে আটক হন একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার মাস্টার ইসমাইলের ছেলে মুফিজ উল্লাহ ওরফে আজম এবং কক্সবাজার শহরের আলীর জাহাল এসএমপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে কাসুপির রহমান সারুপ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি দল ভোলাবাবুর পেট্রোল পাম্প এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মাইক্রোবাস থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাচ্ছেন বলে দাবি করেন এবং তল্লাশিতে আপত্তি জানান।
তাদের আচরণ সন্দেহজনক মনে হলে মাইক্রোবাসটি যাত্রীসহ কলাতলী এলাকার খান অটোমোটরসে নেওয়া হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এরপর গাড়িটি জব্দ করে তিনজনকে আটক করে ডিবি পুলিশ।
স্থানীয় সূত্রের দাবি, আটক ফরিদ আলম দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে ইয়াবা পাচার ও মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আটক ব্যক্তিদের বা তাদের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এমএ//