যুক্তরাষ্ট্রে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাশিয়ার সাইবেরিয়ায় দেশটির আরেকটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে একটি প্রশিক্ষণ উড্ডয়নের সময় টিইউ-২২এম৩ মডেলের বোমারু বিমানটি বিধ্বস্ত হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে, কারণ বিমানের চার সদস্যের ক্রু জরুরি ব্যবস্থায় প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বের হয়ে আসেন।
ইরকুতস্কের গভর্নর ইগর কোবজেভ জানান, বিমানটি কামেনকা গ্রামের কাছে আঙ্গারা নদীর তীরবর্তী একটি বনাঞ্চলে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর সেখানে আগুন ধরে যায় এবং ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন বিকল বা কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। বিমানটি তখন কোনো যুদ্ধাস্ত্র ছাড়াই প্রশিক্ষণ মিশনে ছিল, ফলে মাটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে চার ক্রুকে হাসপাতালে নিয়ে যায়। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং জীবনহানির কোনো আশঙ্কা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি ঘন বনাঞ্চলের দিকে দ্রুত নিচে নেমে গিয়ে বিধ্বস্ত হয় এবং মুহূর্তেই আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, টিইউ-২২এম৩ একটি সোভিয়েত যুগের সুপারসনিক কৌশলগত বোমারু বিমান, যা দীর্ঘপাল্লার হামলায় সক্ষম। এটি ‘কিনঝাল’ ও ‘ড্যাগার’ ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ন্যাটো এই বিমানকে ‘ব্যাকফায়ার’ নামে চিহ্নিত করে থাকে এবং সিরিয়া ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযানে রাশিয়া এটি ব্যবহার করেছে।
সূত্র: রয়টার্স
এসি//