ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানখেতে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের একটি ব্যানার পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণপুর থানার অধীন লেটেকুজান গ্রামের একটি ধানখেতে বেলুনগুলো দেখতে পায় স্থানীয় এক কিশোর। সকালে গরু চরাতে মাঠে গিয়ে সে বেলুনগুলো দেখতে পায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় সে।
বেলুনের সঙ্গে থাকা ফ্লেক্সের ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তা লেখা ছিল। ব্যানারে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে বেলুন ও ব্যানার ওড়ানোর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ওই আয়োজনের কোনো বেলুন সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ভেসে যায়। পরে সেটি লখিমপুরের ওই ধানখেতে এসে পড়ে।
এদিকে, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেটেকুজান গ্রামে যায়। পরে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
বেলুনগুলো কোথা থেকে উড়ে এসেছিল এবং কীভাবে গ্রামটিতে পৌঁছাল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: নর্থইস্ট নাও, গুয়াহাটি টাইমস
এসি//