জাতীয়

একনেকে ৭ হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণসহ এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে একনেকের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নের বড় অংশ আসবে সরকারি তহবিল থেকে। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকছে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা। আর প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা।

অনুমোদন পাওয়া পাঁচ প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো—চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প; ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন; করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প; পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্পের প্রথম সংশোধন; এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের তৃতীয় সংশোধন।

এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের চারটি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করেন পরিকল্পনামন্ত্রী। এগুলো হলো বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগরের বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায় প্রকল্প।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #একনেক #জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি