আন্তর্জাতিক

ট্রাম্প-তামিম বৈঠকে ইরান সমঝোতা নিয়ে আশাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈঠকে কাতারের আমির বলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।

তার মতে, এই উদ্যোগ সফল হলে অঞ্চলজুড়ে স্থিতিশীলতা ও সহযোগিতার নতুন পথ খুলবে।

ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে শেখ তামিম বলেন, মধ্যপ্রাচ্যের এমন গুরুত্বপূর্ণ সময়ে এই চুক্তি বড় তাৎপর্য বহন করছে। এখনও অনেক কাজ বাকি থাকলেও বর্তমান অগ্রগতি ধরে রাখা গেলে পুরো অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা কমার পাশাপাশি নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

এদিকে ইরানের সঙ্গে হওয়া সমঝোতাকে ভালো ও ন্যায্য চুক্তি হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটি সফল হবে বলেও আশাবাদ জানান তিনি।

ট্রাম্প জানান, প্রাথমিক সমঝোতার মাধ্যমে আলোচনার একটি ভিত্তি তৈরি হয়েছে। তাই দ্বিতীয় ধাপের আলোচনা তুলনামূলক সহজ হবে বলে মনে করছেন তিনি।

এ সময় ইরানকে যুক্তরাষ্ট্র অর্থ দিচ্ছে—এমন দাবি নাকচ করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানে কোনো অর্থ বিনিয়োগ করা হচ্ছে না। এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে।

বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয় নিয়ে সামনে আরও বিস্তৃত আলোচনা হতে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প #শেখ তামিম #কাতার #যুক্তরাষ্ট্র #ইরান