আইন-বিচার

জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ

বায়ান্ন প্রতিবেদন

স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে স্বজন ও বাসার মালিকের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং তার বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঘটনার দিনই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নানা ধরনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এর আগে একই মামলায় গত ৪ জুন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান জাহের আলভীর মা নাসরিন সুলতানা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আফরা ইভনাথ ইকরা #জাহের আলভী #কারাগার #আদালত