দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান ও গোলন্দাজ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর বরাতে বলা হয়েছে, মধ্যরাতের পর নাবাতিয়েহ জেলাজুড়ে ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। সাম্প্রতিক সময়ের মধ্যে এ অঞ্চল লক্ষ্য করে চালানো সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি হিসেবে এটিকে বর্ণনা করেছে এনএনএ।
বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ শহরসহ কাফর জৌজ, কাফর রেমান, জেবদিন ও আশপাশের বিভিন্ন এলাকায় ইসরাইলি কামানের গোলাবর্ষণ করা হয়। পরে কাফর তিবনিত ও রাইহান পাহাড়ি এলাকায় একের পর এক বিমান হামলা চালানো হয়।
এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ ও হারুফ এলাকায় হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া আল-শারকিয়া ও দুয়েইরের মাঝামাঝি একটি বাড়িতে হামলায় চারজনের মৃত্যু হয়েছে।
কাফর সির শহরে একটি বাড়ি লক্ষ্য করে চালানো পৃথক হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে দুয়েইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেলে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত ও আরেকজন আহত হন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এবং লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। নতুন এই হামলায় সীমান্তবর্তী অঞ্চলে আবারও উত্তেজনা বেড়েছে।
এমএ//