খেলাধুলা

লাইভে ভুল তথ্য প্রচার, চাকরি হারালেন আর্জেন্টিনার উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

লাইভ সম্প্রচারে ভুল তথ্য দেওয়ার পর চাকরি হারিয়েছেন আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা। বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত না করেই প্রচার করার ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে একটি লাইভ টিভি শো'তে ঘটনাটি ঘটে। ম্যাচের সময় মাঠে লিওনেল মেসিকে আবেগপ্রবণ অবস্থায় দেখা গেলে বিভিন্ন আলোচনা শুরু হয়। সেই সময় ফ্লোরেনসিয়া পেনা দাবি করেন, মেসির বাবা মারা গেছেন এবং এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তবে কিছুক্ষণের মধ্যেই এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন এবং তিনি কেবল স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করা হয়।

ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। যাচাই ছাড়া এমন সংবেদনশীল খবর প্রচারের জন্য উপস্থাপিকা ও সংশ্লিষ্ট টিভি চ্যানেলের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরিস্থিতি ঘোলাটে হলে ফ্লোরেনসিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান এবং জানান, তিনি প্রযোজনা টিমের দেওয়া তথ্যের ভিত্তিতেই মন্তব্য করেছিলেন।

তবে বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত তিনি লুজু টিভি থেকে পদত্যাগ করেন। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, যাচাই ছাড়া এমন সংবেদনশীল তথ্য প্রচার তাদের নীতিমালার পরিপন্থী এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে আরও কঠোর নজরদারি রাখা হবে।

পদত্যাগের পর এক বিবৃতিতে ফ্লোরেনসিয়া পেনা বলেন, মেসি পরিবারের প্রতি তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করছেন এবং ভুল তথ্য ছড়ানোর দায় স্বীকার করছেন।

এদিকে ঘটনাটি ঘিরে বিশ্বজুড়ে আলোচনা তৈরি হয়। পরবর্তীতে মেসি জানান, তিনি কিছু কঠিন সময় পার করছেন, যার কারণে তার আবেগঘন প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

 

সুত্র-  ডেইলি মেইল

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #আর্জেন্টিনা #লিওনেল মেসি