বাধ্যতামূলক অবসরে পরীমণি বিতর্কে আলোচিত সাবেক এডিসি সাকলায়েন

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

পেশাগত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ অনুযায়ী তাকে এই সিদ্ধান্ত জানানো হয়। সর্বশেষ তিনি ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে ২০২১ সালের ১৩ জুন ঢাকার অদূরে সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতন শিকারের অভিযোগ এনে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি।  ওই মামলার তদন্তের দায়িত্বে থাকা অবস্থায় সাকলায়েনের সঙ্গে পরীমণির পরিচয় হয়। 

পরবর্তীতে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে পরীমণি গ্রেপ্তার হলে বিষয়টি নতুন মোড় নেয়। বনানী থানার মাদক মামলার তদন্ত সিআইডিতে গেলে গণমাধ্যমে সাকলায়েনের সঙ্গে তার কথিত ‘অন্তরঙ্গতা’র বিষয়টি সামনে আসে।    

তদন্তে সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। এরপর তাকে ডিবি থেকে সরিয়ে প্রথমে বদলি করা হয় এবং দীর্ঘ বিভাগীয় প্রক্রিয়ার পর এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, তার এ ধরনের আচরণকে চরম অসদাচরণ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #পরীমণি #সাকলায়েন