সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে নতুন করে নদীভাঙনের আশঙ্কা। সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় নদীর তীব্র স্রোতে ডান তীরের প্রতিরক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে নদীগর্ভে চলে গেছে।
শনিবার (২০ জুন) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই নদীর পানির চাপ বাড়ছিল। শনিবার দুপুরে হঠাৎ করে বাঁধের একটি অংশে ফাটল দেখা দেয়। পরে অল্প সময়ের মধ্যেই বড়ো একটি অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
বাহুকা গ্রামের কৃষক ফরিদুর ইসলাম জানান, তিনি জমিতে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে দেখেন বাঁধের ব্লকগুলো একে একে নদীতে ধসে পড়ছে। মুহূর্তের মধ্যেই বিশাল এলাকা নদীর গর্ভে হারিয়ে যায়।
নদীভাঙনের ঝুঁকিতে থাকা মজিবুর রহমান জানান, যমুনার ভাঙনে আগেও তিনি অনেক সম্পদ হারিয়েছেন। এখনো বসতভিটা ও আবাদি জমি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজান থেকে নেমে আসা ঢল এবং চলমান বর্ষণের কারণে যমুনার পানি বাড়ছে। গত ৮ জুন থেকে নদীর পানি ওঠানামা করলেও সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় পানির উচ্চতা আরও বেড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ভাঙনকবলিত স্থান পরিদর্শনের পর সেখানে জিও ব্যাগ ও বালুভর্তি বস্তা ফেলে জরুরি কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজরদারি চলছে।
পি/ডি