আন্তর্জাতিক

কানাডায় মসজিদের বাইরে হামলার শিকার ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভিক্টোরিয়ায় অবস্থিত বিসিএমএ মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। দেশটির মুসলিম সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) জানিয়েছে, হামলার সময় হামলাকারী ইসলামবিদ্বেষী মন্তব্যও করেছে।      

শনিবার (২০জুন) প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইমাম শাইখ ইব্রাহিম বৃহস্পতিবার (১৯জুন) সন্ধ্যায় নামাজ পরিচালনার পর নিজ গাড়িতে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তার ওপর হামলা চালায়। হামলাকারী ইমামকে ইসলামবিদ্বেষী বলে গালাগালের পাশাপাশি ‘নিজের দেশে ফিরে যেতে’ বলে।            

এনসিসিএম জানায়, ঘটনার পর গত ৪৮ ঘণ্টা ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সংস্থাটি বলেছে, একজন সম্মানিত ধর্মীয় নেতাকে এভাবে টার্গেট বানিয়ে হামলা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একই সাথে এটি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষের উদ্বেগজনক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।  

সংগঠনটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে মুসলিমদের লক্ষ্য করে ঘৃণা ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ পরিস্থিতিতে সব পর্যায়ের নেতাদের মুসলিমবিরোধী সহিংসতার নিন্দা জানানো এবং বিদ্বেষমূলক অপরাধ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এনসিসিএম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হামলার সব দিক খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে। বিশেষ করে ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ কি না, তা তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে হামলার শিকার ইমামের শারীরিক অবস্থা কিংবা এ ঘটনায় কাউকে অভিযুক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

সুত্র - আনাদোলু এজেন্সি

  

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #কানাডা #বিসিএমএ #মসজিদ #এনসিসিএম