বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে সিরাজগঞ্জে আয়োজন করা হয় সচেতনতামূলক নানা কর্মসূচি। সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল গাছের চারা বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা।
রোববার (২১ জুন) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘প্রাণের খোঁজে বিশ্বময়’-এর উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল। তিনি পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ এবং জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুসুম রেওয়াজ তুহিন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের প্রাণবন্ত সময় উপহার দেয়।
আর/আই