যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক ও কুমিল্লা -৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে লন্ডনে মামলা করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ।
দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলাটি রুজু করা হয়।
মামলায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পাশাপাশি অন্য যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম।
এছাড়া অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে এতে আসামি করা হয়েছে। এর মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে স্থানীয় পুলিশ হেফাজতে নিয়েছে।
এ প্রসঙ্গে জানতে এনসিপি নেতা এহতেশামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি প্রেস রিলিজ পাঠান। সেখানে দলটির যুক্তরাজ্য শাখার সদস্য সচিব মো. এম এ হিমেল তীব্র নিন্দা জানিয়ে উল্লেখ করেন, আওয়ামী লীগ ও বিগত সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার ও হয়রানির পর এখন নতুন নাটক সাজিয়েছে।
তারা ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তুলে থানায় মামলা করে ব্রিটিশ পুলিশের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষ সংস্থা ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে।
অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার সফল গণসংযোগ বাধাগ্রস্ত করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।
মামলার সত্যতা নিশ্চিত করে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এনসিপির যুক্তরাজ্য শাখা এখন এটি আইনগতভাবেই মোকাবিলা করছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া প্রধান মাহবুবুল আলম জানান, বিগত স্বৈরাচারী সরকারের দোসররা আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তবে আমাদের প্রবাসী ফোরাম আইনি পন্থায় এর মোক্ষম জবাব দেবে।
আর/আই