শক্তিশালী জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় এলাকায় আবারও নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ওই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ধসে যাওয়া ভবনের নিচে এখনো বহু মানুষ আটকা ও নিখোঁজ রয়েছেন।
ভয়াবহ ওই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে।
ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানিয়েছে, নতুন আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে এখন পর্যন্ত এই কম্পনে নতুন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মারাকাই ও রাজধানী কারাকাসের বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন। এতে ভয়াবহ ভূমিকম্পের পর নতুন করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে বুধবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ধসে পড়া ভবনের বিশাল ধ্বংসস্তূপ বিবেচনায় শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে এখনো ১৭২ জন জীবিত অবস্থায় আটকা রয়েছেন। এছাড়া নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজারের বেশি বলে জানিয়েছে দেশটির সরকার।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলের কয়েকটি এলাকায় উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো।
তবে দুর্যোগের এই সময়ে স্থানীয় বাসিন্দারাও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে এগিয়ে এসেছেন। অনেকে স্বেচ্ছায় আহতদের উদ্ধার করছেন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজছেন এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে আহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন।
জরুরি উদ্ধার কার্যক্রমে সমন্বয় বাড়াতে ভেনেজুয়েলা সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারের ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে এই প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় নিখোঁজ স্বজনদের তথ্য খোঁজা ও জরুরি বার্তা আদান-প্রদান সহজ হচ্ছে।
এসি//