জাতীয়

মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত ফাইল ছবি

মালয়েশিয়া নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি সেখানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শনিবার (২৭ জুন) মালয়েশিয়া ও চীন সফর শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু এবং দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের বৈধতার আওতায় আনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায়ও দেশটি সমর্থন দেবে বলে আশ্বাস দিয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা গান ‘মহাজাদু’ ব্যবহার করাও দুই দেশের আন্তরিক সম্পর্কের প্রতীক বলে উল্লেখ করেন তিনি।

চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। এ লক্ষ্যে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মালয়েশিয়া #পররাষ্ট্রমন্ত্রী #খলিলুর রহমান