তীব্র লোডশেডিংয়ের কারণে আর্জেন্টিনা জর্ডানের গ্রুপ পর্বের শেষ খেলাটি দেখতে না পেরে নেত্রকোনার কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
রোববার (২৮জুন) সকাল ৮টায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে উত্তেজিত ফুটবল প্রেমিরা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মো. ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লী বিদ্যুৎ অফিস জানায়, কেন্দুয়া উপজেলায় ৩লাখ ১৬হাজার ৯৭৬জন জনসংখ্যা রয়েছে। উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক প্রায় ৯৪হাজার। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭মেগাওয়াট। উপজেলায় বর্তমানে সরবরাহ মাত্র ৭মেগাওয়াট। কেন্দুয়ায় ১২টি ফিডার সচল রয়েছে। এর মধ্যে কেন্দুয়া এলাকায় ৮টি এবং রামপুর এলাকায় ৪টি ফিডার রয়েছে। যদিও কাগজে-কলমে ফিডারের সংখ্যা ১৩টি। ৪নম্বর ফিডারটি দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বন্ধ রয়েছে। কেন্দুয়ায় যে ৮টি ফিডার রয়েছে তারমধ্যে বর্তমানে ৬টি ফিডারই বন্ধ রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে ছিল। আজ সকালে আর্জেন্টিনা বনাম জর্ডান এর ফুটবল ম্যাচ চলাকালে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে সেই ক্ষোভ কেন্দুয়া জোনাল অফিসে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
এজিএম প্রকৌশলী মো. ফরিদ আহম্মেদ বলেন, অফিস ভাংচুরের ঘটনাটি মৌখিকভাবে থানাকে অবহিত করা হয়েছে। তাছাড়া আমাদের যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়, তার বাইরে কিছু করার সুযোগ নেই। বরাদ্দ অনুযায়ীই গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, লোডশেডিং এর কারণে ফুটবল প্রেমীরা খেলা দেখতে না পেরে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুরের করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।