জাতীয়

বর্তমানে সীমান্ত পাহারা দেওয়ার চেয়ে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, 'প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নিরাপত্তার প্রচলিত ধারণায়ও বড় পরিবর্তন এসেছে। বর্তমানে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তাদের কম্পিউটারকে হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।' 

বুধবার (১ জুলাই) খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যুদ্ধ কেবলই সমরাস্ত্রের বিষয় নয়, যোগাযোগ কেবলই মানুষের কণ্ঠস্বর বিনিময় করা নয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’         

তিনি বলেন, বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্মকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতির পার্থক্য অনুধাবন করে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ডিজিটাল নেতৃত্ব গ্রহণ করায় বাহিনীর নেতৃত্বকে সাধুবাদ জানান তিনি।    

প্রযুক্তির পরিবর্তন সবসময়ই গতিশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, 'প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে স্থির হয়ে থাকার সুযোগ নেই। প্রতি মুহূর্তেই আমাদের চিন্তার দিক থেকে গতিশীল থাকতে হবে এবং চলমান প্রযুক্তিগত উন্নয়ন ও আপডেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।  তা না হলে আজকে যিনি আধুনিক, আগামীকালই তিনি অচল হয়ে যেতে পারেন। ' 

তিনি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মটিকে অন্যান্য সরকারি দপ্তরের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ।

এছাড়াও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #তথ্যমন্ত্রী