আন্তর্জাতিক

খামেনির শেষকৃত্যের জন্য তেহরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধের শুরুতেই নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের জন্য ওয়াশিংটন তেহরানকে ‘এক সপ্তাহের ছুটি' দিয়েছি।

শুক্রবার (০৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা উপলক্ষে মাউন্ট রাশমোরে দেওয়া এক ভাষণে ট্রাম্প এসব কথা বলেন। বক্তৃতায় তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, মার্কিন ব্যতিক্রমবাদ এবং সাম্যবাদের হুমকি নিয়েও বক্তব্য দেন।

ট্রাম্প বলেন, ‘আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি, আর ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছি। এখন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে।’

এরপর তিনি আরও বলেন, ‘আমরা তাদের শেষকৃত্যের জন্য এক সপ্তাহ ছূটি দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ।’

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে  ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হয়েছেন। তাদের অনেকের হাতে ছিল লাল ব্যানার, যা ইরানে সাধারণত প্রতিশোধের দাবির প্রতীক হিসেবে বিবেচিত হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, গ্র্যান্ড মোসাল্লায় সমবেত শোকাহত মানুষের সামনে আলী খামেনির কফিনের পাশাপাশি তার নিহত পরিবারের সদস্যদের কফিনও উন্মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রথম দিনেই যৌথ সামরিক হামলায় আলী খামেনি নিহত হন।

সূত্র: আল জাজিরা

 

এসি//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #মার্কিন প্রেসিডেন্ট #আয়াতুল্লাহ আলী খামেনি #ইরান