আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায়ে লাল পতাকা হাতে কী বার্তা দিচ্ছে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী তেহরানের এঙ্গেলাব স্কয়ার ও গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হয়েছেন। তাদের অনেকের হাতে ছিল লাল পতাকা, যা শিয়া ঐতিহ্যে শহীদদের রক্তের স্মারক এবং প্রতিশোধের আহ্বানের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত জনতার কণ্ঠে ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানের পাশাপাশি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার দাবিও শোনা যায়।

এ বিষয়ে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিভার্সিটি অব তেহরানের গবেষক মোহাম্মদ এসলামি বলেন, খামেনির অনুসারীরা প্রতিশোধের দাবি জানাতেই লাল পতাকা বহন করছেন। তাদের প্রত্যাশা, যারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, সরকার তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি শুধু ইরানের একজন রাষ্ট্রীয় নেতা ছিলেন না; তিনি দেশটির রাজনৈতিক ও আদর্শিক কাঠামোর কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং তার অনুসারীদের কাছে আরও গভীর গুরুত্ব বহন করতেন।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সী খামেনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রথম দিনেই নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আয়াতুল্লাহ আলী খামেনি #লাল পতাকা