দেশজুড়ে

মাতাল হয়ে ভাইরাল সেই শিক্ষককে বরখাস্ত করলো মন্ত্রণালয়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও সুবিধাও স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অসংযত আচরণ ও অসংলগ্নভাবে কথা বলতে দেখা যায়

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিওটি সরকারের নজরের আসার পর শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপর প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

একজন শিক্ষকের এমন আচরণ শিক্ষাপেশার মর্যাদা ও জনআস্থা ক্ষুণ্ন করে। এ কারণে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরকারি বেতন-ভাতার অংশ, অর্থাৎ এমপিও সুবিধাও স্থগিত থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান শিক্ষক #নেশাগ্রস্ত