খেলাধুলা

প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে শনিবার (০৪ জুলাই) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা। এমবাপ্পে ও মাইকেল ওলিসের নেতৃত্বে একের পর এক আক্রমণ হলেও প্যারাগুয়ের শক্ত রক্ষণভাগ ভেদ করা সম্ভব হয়নি। প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও কার্যকর সুযোগ কাজে লাগাতে পারেনি ফ্রান্স। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলাতে পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ৬১তম মিনিটে ব্র্যাডলি বারকোলার বদলি হিসেবে নামেন দেজিরে দুয়ে। মাঠে নেমেই পেনাল্টি আদায় করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 

ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে নির্ভুল শটে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার গোলের সংখ্যা সাতে পৌঁছায়, যা লিওনেল মেসির সমান।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ে। শেষ দিকে ফ্রান্সও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। এমবাপ্পের টানা দুটি শট দারুণ দক্ষতায় রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #এমবাপ্পে #প্যারাগুয়ে #ফ্রান্স