আন্তর্জাতিক

দুই বছর বাড়িতে একা থেকে কেক-বিস্কুট খেয়ে স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!

আন্তর্জাতিক ডেস্ক

শৈশব মানেই পরিবারের সান্নিধ্য, খেলাধুলা আর আনন্দে বেড়ে ওঠা। যে বয়সে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই একা একটি ফ্ল্যাটে দিন কাটাতে হয়েছে ফ্রান্সের এক শিশুকে। মাত্র সাত বছর বয়সে টানা দুই বছর নিঃসঙ্গ জীবন কাটিয়েছে সে। অথচ এই কঠিন পরিস্থিতির মধ্যেও বন্ধ হয়নি তার স্কুলে যাওয়া, পড়াশোনাও চালিয়ে গেছে নিয়মিত।

২০২০ সালে ফ্রান্সের নেরসাক শহরের একটি ফ্ল্যাটে শিশুটিকে রেখে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিজের প্রেমিকের সঙ্গে বসবাস শুরু করেন তার মা। এরপর থেকে ২০২২ সাল পর্যন্ত অধিকাংশ সময় একাই থাকতে হয়েছে শিশুটিকে।

ফ্ল্যাটে নিয়মিত বিদ্যুৎ, গরম পানি কিংবা ঘর উষ্ণ রাখার ব্যবস্থা ছিল না। খাবারের জন্যও নির্ভর করতে হতো বিস্কুট, কেক ও ঠান্ডা কৌটাজাত খাবারের ওপর। কখনো খাবারের অভাবে পাশের বাড়ি থেকে টমেটো চুরি করত সে। শীতের রাতে কয়েকটি কম্বল ও শোয়ার থলে জড়িয়ে ঘুমাতে হতো শিশুটিকে। মা মাঝেমধ্যে এসে খোঁজখবর নিলেও দিনের বেশিরভাগ সময় নিজের মতো করেই কাটত তার।

এত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় পিছিয়ে পড়েনি শিশুটি। প্রতিদিন নিজেই স্কুলে যেত। বিদ্যালয়ে সে ছিল পরিচ্ছন্ন, ভদ্র ও ভালো ফল করা শিক্ষার্থী। ফলে তার ব্যক্তিগত জীবনের এমন দুরবস্থার কোনো আভাস পাননি শিক্ষকরা।

শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সন্দেহ থেকেই সামনে আসে শিশুটির একা থাকার বিষয়টি। নেরসাকের মেয়র বারবারা কুতুরিয়ে শিশুটির মায়ের খাবারের জন্য সহায়তা চাওয়ার ঘটনা এবং প্রতিবেশীদের অভিযোগের মধ্যে যোগসূত্র খুঁজে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

২০২২ সালের ১৯ সেপ্টেম্বর শিশুটিকে শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়। এ ঘটনায় সন্তানের প্রতি অবহেলার দায়ে ২০২৪ সালের জানুয়ারিতে শিশুটির মাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছয় মাসের সাজা বাড়িতে বৈদ্যুতিক নজরদারির মাধ্যমে ভোগ করার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: সিএনএন

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফ্রান্স #৭ বছরের শিশু #একা ফ্ল্যাটে