পর্দায় অসংখ্য প্রেমের গল্প বলা আমির খান এবার নিজের জীবনের প্রেমকেই দিতে চলেছেন নতুন পরিচয়। দুইবারের বৈবাহিক জীবনের ইতি টেনে আবারও ভালোবাসার ওপর আস্থা রেখে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
রোববার (৫ জুলাই) দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন এই অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। সম্প্রতি নিজেই সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, গত জুন থেকেই তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। তবে তারকাদের জাঁকজমকপূর্ণ আয়োজনের পথে না হেঁটে একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির।
মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাসভবনেই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। কোনো বিলাসবহুল হোটেল কিংবা রিসোর্টে নয়, পরিবারের সদস্যদের উপস্থিতিতেই হবে এই বিশেষ আয়োজন।
অতিথি তালিকাও রাখা হয়েছে সীমিত। দুই পরিবারের সদস্য, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং কাছের মানুষদের নিয়েই উদযাপন করবেন এই আনন্দের দিন।
ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে আমির খান দুবার বিয়ে করেছেন। ১৯৮৬ সালে প্রেম করে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান। তবে প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি।
এরপর চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওয়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান আমির। ২০০৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের সংসারে আসে ছেলে আজাদ রাও খান। ব্যক্তিগত ও পেশাগত জীবনে দীর্ঘদিন একসঙ্গে পথচলার পর ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ।
এই বিয়ের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো আমিরের সাবেক পরিবারকে ঘিরে তার সম্মানজনক অবস্থান। আগের দুটি সম্পর্কের ইতি টানলেও সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে তিনি সবসময়ই আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিনেতার সাবেক দুই স্ত্রী ও সন্তানরাও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ফলে এটি শুধু একটি বিয়ের অনুষ্ঠান নয়, বরং পারিবারিক বন্ধনের এক অনন্য উদযাপনে পরিণত হতে যাচ্ছে।
অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারের একটি ছেলে রয়েছে। আমিরের তিন সন্তানসহ চার সন্তানই এই নতুন পথচলায় তাদের পাশে থাকবেন বলে জানা গেছে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বলিউড অঙ্গনে এই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আড়ম্বরের পরিবর্তে পরিবারকেন্দ্রিক এমন সাদামাটা আয়োজন অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে।
পি/ডি