দেশজুড়ে

বান্দরবানে পাহাড়ধসে শিশুসহ পাঁচ জনের মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৫টা ও রাত ৩টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  লামা থানার ওসি মোহাম্মদ কায়ছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।           

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় প্রথম পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড় থেকে ধসে আসা মাটি বসতঘরের ওপর পড়ে একই পরিবারের তিন সদস্য চাপা পড়েন। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমানের মরদেহ উদ্ধার করা হয়।

এর প্রায় দেড় ঘণ্টা পর একই ইউনিয়নের মিশনপাড়ায় আরও একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় নিজ ঘরে ঘুমিয়ে থাকা মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫) মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান।  পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন।

ওসি জানান, দুই ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগ ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

পুলিশের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকার কিছু বাসিন্দা এখনো আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি লামা উপজেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

   

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #বান্দরবান #পাহাড়ধস