বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশামের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ফরাসিরা। তবে একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।
২৫তম মিনিটে মরক্কোর ডি-বক্সে নুসাইর মাজরাউয়ির ফাউলে পেনাল্টি পায় ফ্রান্স। ভিএআরে সিদ্ধান্ত পর্যালোচনার পরও পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। স্পট কিক নেন কিলিয়ান এমবাপ্পে। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু দুর্দান্ত ডাইভ দিয়ে তার শট ফিরিয়ে দেন।
এরপর ৩২তম মিনিটে দেজিরে দুয়ের দারুণ একক প্রচেষ্টাও ব্যর্থ করে দেন বুনু। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ম্যাচের ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া কিলিয়ান এমবাপ্পের শক্তিশালী শটে অবশেষে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় মরক্কো। তবে ফরাসি রক্ষণভাগের সামনে তাদের আক্রমণ ভেস্তে যায় বারবার।
৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। এমবাপ্পের দারুণ পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে শট নেন উসমান দেম্বেলে। তার শটটি ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।
বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে সবার আগে বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করল এমবাপ্পেরা
এমএ//