বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ ঘোষণা দেন।
তিনি জানান, বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা স্থগিত রাখা হবে।
মাহদী আমিন বলেন, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিজ নিজ দায়িত্ব পালন করছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এসি//