স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর ফলে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭০২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে ১ লাখ ১০ হাজার ৬০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৪১০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত ৮৯ হাজার ৭৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #মৃত্যু