আন্তর্জাতিক

বাবার হত্যার বদলা নেয়ার ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। বাবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, ‘নির্দোষ রক্তের প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধই আমাদের জাতির ইচ্ছা।’

শনিবার (১১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত তার বাবা এবং অন্যদের রক্ত বৃথা যাবে না। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে এবং তা অনিবার্য বলেও দাবি করেন তিনি।

একই সঙ্গে তিনি ফেব্রুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় লাখো মানুষের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি এটিকে ‘শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের ‘এক ঐতিহাসিক উপস্থিতি’ বলে উল্লেখ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের দাবি। এরপর থেকে তিনি জনসম্মুখে আসেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এক হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে আরও সামরিক হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভবিষ্যৎ সম্পর্ক অনেকটাই নির্ভর করবে দুই পক্ষের সমঝোতা বাস্তবায়নের ওপর। বিশেষ করে হরমুজ প্রণালি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উভয় দেশের অবস্থান আগামী দিনের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #মোজতবা খামেনি #আয়াতুল্লাহ আলী খামেনি #প্রতিশোধ