চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে বাংলাদেশের রপ্তানি কমেছে। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের রপ্তানি বেড়েছে।
রোববার (১২ জুলাই) ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৫ মাসে বাংলাদেশ ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ কম। যদিও রপ্তানি কমার এই হার যুক্তরাষ্ট্রের সামগ্রিক তৈরি পোশাক আমদানির বাজার সংকোচনের চেয়ে সামান্য কম। তার মানে চাহিদা কমার কারণেই মূলত বাংলাদেশের রপ্তানি কমেছে।
তবে এ সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম ৫ মাসে দেশটি ৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দেড় শতাংশ বেশি।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে দুটি অভিযোগে তদন্ত করছে। সেই তদন্তের পর নতুন করে শুল্ক আরোপের শঙ্কাও আছে। ফলে ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ দেওয়ার বিষয়ে কিছুটা সর্তক আছে। এই দুই তদন্তের বিষয়ে বাংলাদেশ সরকারের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আই/এ