দেশজুড়ে

২০ টাকার জন্য স্কুল ছাত্রকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাফি (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আহত রাফি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি পাশের নান্দাইল উপজেলায়।

রোববার (১২ জুলাই) বিকেলে পৌর শহরের উপজেলা কোয়ার্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বাড়ি দূরে হওয়ায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই তার কাছে টাকা দাবি করত। আজ অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তারা আবারও তার পথরোধ করে ২০ টাকা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে গ্যাংয়ের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে তার পেট ও হাতে আঘাত করে। এতে সে রক্তাক্ত ও গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো জানান, আহত শিক্ষার্থীর পেটে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। তার পেটে একাধিক সেলাই দেওয়া হয়েছে এবং চিকিৎসা পক্রিয়া চলমান রয়েছে।

ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ #ছুরিকাঘাত